জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে একটু পরই মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস। তাকে ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের বাইরের দর্শনার্থীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। কনসার্ট উপভোগের সুযোগ করে দিতে বহিরাগতদের জন্য ক্যাম্পাস সংলগ্ন বাহাদুর শাহ পার্কে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ক্যাম্পাসের ভেতরে স্থাপন করা হয়েছে আরও দুটি জায়ান্ট স্ক্রিন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন জেমস।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ও মুক্তমঞ্চের সামনে দুটি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে। অন্যদিকে, ক্যাম্পাসের বাইরে বাহাদুর শাহ পার্কে বসানো হয়েছে আরেকটি জায়ান্ট স্ক্রিন। এর মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশের সুযোগ না পাওয়া বহিরাগত দর্শনার্থীরাও কনসার্ট উপভোগ করতে পারবেন।
বাহাদুর শাহ পার্কে জায়ান্ট স্ক্রিন স্থাপনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমেদ বলেন, ‘প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা বাহাদুর শাহ পার্কে বহিরাগতদের জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছি। ক্যাম্পাসের মধ্যেও দুটি জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।’
এদিকে, কনসার্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ বিষয়ে প্রক্টর নাসির আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইসহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি এবং ক্যাম্পাসের ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সংরক্ষিত জোন ও ব্যারিকেডের ব্যবস্থা রাখা হয়েছে।’
ইভটিজিং ও অনৈতিক আচরণ প্রতিরোধ এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে বন্ধুসুলভ ও মার্জিত আচরণের আহ্বান জানিয়েছে প্রশাসন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ ঐক্যবদ্ধ জবিয়ান’। সকালে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। পরে আনন্দ র্যালি, চারুকলা প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যান্ডের পরিবেশনা অনুষ্ঠিত হয়। সব আয়োজনের শেষ পর্বে থাকছে জেমসের কনসার্ট।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং ক্যাম্পাসে ঘোষণাফলক উন্মোচন করেন। এর ধারাবাহিকতায় ২০ অক্টোবরের পরিবর্তে ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়। ২১ বছর পেরিয়ে এবার ২২ বছরে পদার্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।