নাটোরের গুরুদাসপুরে ছাত্রদলের সদস্য সচিব শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের এমপি আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আবারও দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত বিচারক।
সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলী আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আসামি মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বতর্মানে নুরুজ্জামান মিন্টু ডিবি হেফাজতে রয়েছেন।’
এমপির ছেলে প্রথম দফায় রিমান্ড চলাকালীন দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) আটকের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান আরও জানান তিনি।
নাটোরের কোর্ট পুলিশের পরিদর্শক আসমাউল হক বলেন, ‘এর আগে গত ২৭ অক্টোবর বিকালে নুরুজ্জামান মিন্টুকে আদালতে হাজির করে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে তিন দিনের রিমান্ডে দেয়া হয়। ওই রিমান্ড শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড শুনানি না করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় আহত হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। এ সময় শাকিলকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যান হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ২৬ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।