Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দেওয়া বক্তব্যকে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি, বাকশাল নেতা ও বর্তমান বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন তিনি।

 

শুক্রবার এক বিবৃতিতে ডাকসু ভিপি এ প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ‘দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘অমানুষদের জায়গা’ হিসেবে আখ্যায়িত করা চরম দায়িত্বজ্ঞানহীন, বিদ্বেষপূর্ণ ও নিন্দনীয়। ফজলুর রহমান বাহ্যিকভাবে বাকশাল ত্যাগ করলেও বাকশালি ফ্যাসিবাদী আদর্শ ও ঘৃণার চর্চা থেকে আজও বের হতে পারেননি।’

 

তিনি আরো উল্লেখ করেন, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীদের সামগ্রিকভাবে হেয় প্রতিপন্ন করা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই ধরনের উগ্র ও জঙ্গিবাদী মানসিকতার দায়ভার ফজলুর রহমানকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রদানকারী দল হিসেবে বিএনপিও কোনোভাবেই এড়াতে পারে না।

বিবৃতির শেষাংশে ডাকসু ভিপি জোর দাবি জানিয়ে বলেন, সংসদ সদস্য ফজলুর রহমানকে অবিলম্বে তার এই চরম অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।