Image description

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মিন্টুকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক শফিকুল ইসলাম। পরে আদালতের বিচারক সাদ্দাম হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ডিবির গাড়িতে করে মিন্টুকে কারাগারে নেওয়া হয়।

ডিবির গাড়িতে করে মিন্টুকে কারাগারে নেওয়া হয়। ছবি : এশিয়া পোস্ট
ডিবির গাড়িতে করে মিন্টুকে কারাগারে নেওয়া হয়। ছবি : এশিয়া পোস্ট

 

মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শাকিল ইসলাম হত্যা মামলার অধিকতর তদন্তের স্বার্থে মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নির্ধারিত রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের স্বার্থে মিন্টুকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

 

এদিকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রাম থেকে এ মামলার তদন্তের অংশ হিসেবে আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ। তারা হলেন ওই গ্রামের আল আমিন ও আনিছুর রহমান।

 

 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, শাকিল ইসলাম হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তের সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ধারাবারিষা গ্রাম থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

 

গত ১৪ অক্টোবর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (২৬ অক্টোবর) রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।