Image description

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের পোশী গ্রামের জাহাঙ্গীর আলম (২৬), উত্তর আমইন গ্রামের সোহান (১৯), সোহাগীপাড়া গ্রামের মিল্টন হোসেন (৩০) এবং গাড়িদহ ইউনিয়নের সোনারপাড়া গ্রামের রনি সরকার (৩৭)।

 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে চার যুবকের আচরণ নিয়ে তাঁদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাঁদের অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদন করেন। পরে নিজ নিজ বাড়িতে মাদক গ্রহণের সময় তাঁদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, দণ্ডপ্রাপ্ত চার যুবককে বুধবার বিকেলে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।