লক্ষ্মীপুর সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে হত্যা করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।