শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামে দাফনের জন্য আলাদা জায়গা না থাকায় নিজেদের বসতঘরের ভেতরেই করিম মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে দাফন করে তার পরিবার। ঘরের টিনের বেড়া খুলে সেখানে কবর দেওয়া হয় ওই ব্যক্তিকে। খবর পেয়ে জেলা প্রশাসকের উদ্যোগে ওয়াকফ করা কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে মারা যান করিম মিয়া। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজেদের বসতঘরের ভেতরে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, ঘরের ভেতরে মরদেহ দাফনের তথ্যটি জানতে পেরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদকে বিষয়টি সরেজমিনে গিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়। পরে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে স্থানীয় নাগরিক ও সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করা হয়। সবার সঙ্গে আলোচনা করে ৫ শতাংশ জমি জেলা প্রশাসনের পক্ষ হতে কেনা হয়। স্থানীয় একজন আরও ৫ শতাংশ জমি দান করেন। পরে সেখানে মরদেহটি দাফনের ব্যবস্থা করা হয়।
করিম মিয়া শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, পরিবারটি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তাই মানবিক দিক বিবেচনায় মৃত করিম মিয়ার ছেলেকে আয়ের জন্য একটি ইজিবাইক দেওয়া হবে।
স্থানীয় স্কুলশিক্ষক রেজাউল করিম বলেন, ‘আমাদের গ্রামে কোনো সামাজিক কবরস্থান নেই। কেউ মারা গেলে পারিবারিক জমিতে দাফন করা হয়। কবরস্থানের জন্য জমি দেওয়ায় আমাদের পাড়ার লোকজনের জন্য খুব উপকার হলো।’