গাজীপুরের শ্রীপুরে মা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বাবা আব্দুস সামাদের (৬২) মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুটিপাড়া-বন্নাভিটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছেলে অভিযুক্ত আনোয়ার হোসেন (৩৪) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহতের স্বজনদের ভাষ্য, রাতে মায়ের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন আনোয়ার। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বাবার ওপর ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে আব্দুস সামাদ পাশের বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানেও তার ওপর হামলা চালানো হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান । পরে স্বজনেরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আনোয়ার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতেন। তাকে মাদক থেকে দূরে রাখতে সৌদি আরবে পাঠানো, নিরাময় কেন্দ্রে নেওয়া হয়েছিল বলে জানান তারা। তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক বলেন, ‘নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।’
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’