‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি ও সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়।
প্রজ্ঞাপনে তাকে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়। আদেশটি শিগগিরই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মজিবুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভাগীয় কমিশনারের নির্দেশে আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে বদলি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক (ইউএনও) দায়ী থাকবেন’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে দুটি পোস্ট দেন। এ নিয়ে প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই রাতেই সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। এ সময় আনসার সদস্যদের মারধর ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগও ওঠে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, এর আগে একটি ঘটনায় শিশুর মরদেহ দেখার পর থেকে আরিফুর রহমান শান্ত মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এর প্রভাবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তারা জানান।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আরিফুর রহমান শান্ত ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।