Image description

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল ‘দ্য সি প্রিসেন্স’- হোটেলের নিচতলার পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হোটেল সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ পার্কিং এলাকায় আগুন ছড়িয়ে পড়লে হোটেলজুড়ে উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে হোটেলের পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু সরঞ্জাম ও স্থাপনার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতা ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের পার্কিং এলাকার ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি ফিরেছে পর্যটক ও হোটেল কর্তৃপক্ষের মধ্যে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্টদের তদন্ত প্রয়োজন।