Image description

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এ সময় ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ভূমিমন্ত্রীকে দেখতে যান মির্জা আব্বাস।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্যার ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।’

তিনি আরও জানান, মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।