কুমিল্লার মেঘনা ও দাউদকান্দি উপজেলায় চাঁদাবাজি ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম, ঘটনার বিবরণ ও প্রমাণসহ তালিকা চেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ডা. খন্দকার মারুফ হোসেন।
বিভিন্ন কমিটি গঠন ও প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অজুহাতে চাঁদা দাবি বা আদায়ের অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মারুফ হোসেন।
পোস্টে তিনি লিখেছেন, মেঘনা ও দাউদকান্দি এলাকায় এ ধরনের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, ঘটনার বিবরণ ও প্রমাণসহ একটি তালিকা তৈরি করে গোপনীয়ভাবে তার কাছে দিতে হবে। অভিযোগ যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তবে ব্যক্তিগত বিরোধ বা বিদ্বেষের কারণে কাউকে তালিকাভুক্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি। মারুফ হোসেন বলেছেন, চাঁদাবাজি ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।