Image description

জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে ডিভিশন-১ (বিশেষ অতিরিক্ত সুযোগ-সুবিধা) দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত রোববার এ-সংক্রান্ত নির্দেশনা গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। এই চিঠির অনুলিপি কারা মহাপরিদর্শক এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপারের কাছেও পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে।

তথ্যমন্ত্রী থাকাকালে কথিত ‘আগুন সন্ত্রাস’ বয়ানের উদ্যোক্তা ইনু বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ আছেন। সেখানে ১০ বছরের দণ্ড ভোগ করছেন তিনি। তার ডিভিশনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ইনুর অনুকূলে কারাবিধি অনুযায়ী ডিভিশন-১ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কারাগার সূত্র জানিয়েছে, গত রোববার দেওয়া এ চিঠির আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৪ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষকে আরেকটি চিঠি দেয়। ওই চিঠিতেও ইনুকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে এ চিঠির জবাবে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন পেশ করেন।

গত ৪ অক্টোবর দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইনু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ অন্তরীণ আছেন। কারাগারে ডিভিশন দিতে তার স্ত্রী আফরোজা হকের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবিধি মোতাবেক ডিভিশন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পাওয়া যায়।

ইনুর অপরাধ ও দণ্ডের কথা উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাবস্থায় গত ৩০ জুন আইসিটি-২ তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ জরিমানা করে রায় ঘোষণা করেছে। এরপর ৫ জুলাই ইনুকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়।

ইনু কেরানীগঞ্জ কারাগারে বন্দি থাকাবস্থায় ২০২৪ সালের ২৯ অক্টোবর ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কারাগারে ডিভিশন-১ এর সুবিধাদি ভোগ করে আসছিলেন। বর্তমানে তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে অন্তরীণ আছেন। তিনি আইসিটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে অন্তরীণ থাকায় কারাবিধি ৬১৭(১) অনুযায়ী তাকে ডিভিশন দেওয়া সমীচীন হবে না।

গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের এ প্রতিবেদনের পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি চিঠি দিয়ে ইনুকে ডিভিশন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।

কারাগারে যেসব সুবিধা পাবেন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনা বাস্তবায়ন হলে কারাগারে কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন ইনুÑএমন প্রশ্ন ছিল এক কারা কর্মকর্তার কাছে। জবাবে আমার দেশকে তিনি বলেন, ডিভিশনপ্রাপ্ত বন্দিদের কারাগারে তিন ধরনের সুবিধা দেওয়া হয়। ডিভিশন-১, ডিভিশন-২ ও ডিভিশন-৩। ইনুর বিষয়ে ডিভিশন-১ দেওয়ার নির্দেশনা এসেছে বলে জানান তিনি। নির্দেশনা অনুযায়ী ইনু কারাগারে খাটসহ সিঙ্গেল রুম এবং টেবিল, চেয়ার, তোশক, বালিশসহ অন্যান্য বিছানাপত্র পাবেন। সাধারণ বন্দিদের চেয়ে উন্নত ও ভিন্ন খাদ্য থাকবে তার জন্য। ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য তেল, চিরুনি, আয়না ছাড়াও পড়ালেখা ও বিনোদনের সুযোগ পাবেন। সেইসঙ্গে বই ও পত্রিকা পড়ার সুবিধা পাবেন তিনি। সাহায্যকারী হিসেবে একজন পুরুষ বন্দিও থাকবে তার জন্য। তার স্বজনদের বিশেষ অনুমতি সাপেক্ষে জেল কর্তৃপক্ষের অফিস রুমে সাক্ষাতের সুযোগ থাকবে।