নৈতিক কারণে পদত্যাগ এক জিনিস আর ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে সেটা অন্য জিনিস। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কেন পদত্যাগ করলেন, তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পূর্ব মেরুল বাড্ডার নিমতলা মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এর আগে সংরক্ষিত এক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছিল। তাকে গ্রেফতার করা হয়নি। ইশরাক হোসেনের অপরাধ কী, তাও পরিষ্কার করা হয়নি। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কারও অপরাধ থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া জরুরি; সেখানে পদত্যাগ কোনো সমাধান নয়।
মাদকের বিস্তার ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, ইশরাক হোসেন বলির শিকার হয়েছেন। কারণ, মাদকের মূল বিক্রি শুরু হয় কক্সবাজার থেকে। সেটি স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা অথচ এ বিষয়ে কেউ কথা বলে না।
নাহিদ বলেন, দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কবে পদত্যাগ করবেন। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সবচেয়ে বড় দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। এছাড়া, সংবিধান সংশোধন কমিটিকে প্রহসন ও নাটক বলে অভিহিত করেন এনসিপির এই নেতা।