Image description
সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদ নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।
 
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে স্টার নিউজের প্রতিবেদককে তিনি বলেন, ওই ঘটনা নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগবশত তিনি মন্তব্যটি করেছিলেন। তবে তার ওই মন্তব্য করা ঠিক হয়নি বলে স্বীকার করে তা সম্পূর্ণ প্রত্যাহার করেছেন তিনি।
 
কামরুজ্জামান রতন বলেন, “আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না”—এমন মন্তব্য করা তার একেবারেই ঠিক হয়নি। এ মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন ও প্রবাসী বাংলাদেশীদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছেন, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।
 
তিনি আরও বলেন, মানুষ ভুল করতেই পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
 
এদিকে এ বিষয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতেও একটি পোস্ট দিয়েছেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
 
প্রসঙ্গত, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে স্টার নিউজের জনপ্রিয় টক শো ‘কড়া আলাপ’-এ ‘সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেন কামরুজ্জামান রতন। তার সেই বক্তব্য ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এর প্রেক্ষিত দুঃখ প্রকাশ করে মন্তব্যটি প্রত্যাহার করেন তিনি।