Image description

উৎসব চলার মধ্যে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ, যার সঙ্গে ছিল দুই লিটার পেট্রল ও দুটি সার্কিট।

আজ সোমবার প্রথম প্রহরে আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে এগুলো উদ্ধারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে সকালে এগুলো নিষ্ক্রিয় করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল অত্যন্ত সতর্কতার সঙ্গে বস্তুটি নিষ্ক্রিয় করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এই ঘটনার পর আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে তিন দিনব্যাপী সাধুসঙ্গ, আলোচনা অনুষ্ঠান ও গ্রামীণমেলা চলছে। গতকাল দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হওয়ার কথা।

তার মধ্যে রবিবার রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে পানির ট্যাংকির পাশে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চা-দোকানি।

স্থানীয়রা জানায়, ব্যাগটি খুলে ওই দোকানি লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু, দুই লিটার পেট্রল ও দুটি সার্কিটসদৃশ বস্তু দেখতে পান। তখন তিনি বিষয়টি কুমারখালী থানা পুলিশ ও মেলার আয়োজক কমিটিকে জানান।

খবর পেয়ে পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। এ সময় আখড়াবাড়ির প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এরমধ্যে ঢাকায় সিটিটিসিকে খবর দেওয়া হয়।

 

সিটিটিসির দল পৌঁছে সকাল ৮টার দিকে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করে বলে ওসি জামাল উদ্দিন জানান।

এই বিস্ফোরক রাখার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওসি জামাল উদ্দিন জানিয়েছেন, কে বা কারা এগুলো সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।