Image description

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তৎপরতায় চালানটি শনাক্ত করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান কামরুল ইসলাম। কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় ডিজিএফআই সদস্যরা তাকে শনাক্ত করেন। পরে তার ব্যাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশিতে নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে লুকানো চারটি স্বর্ণের দণ্ড পাওয়া যায়। দণ্ডগুলোর ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া তার কাছে থাকা ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়িও জব্দ করা হয়। সব মিলিয়ে স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।

ইব্রাহিম খলিল জানান, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। পরে স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।

স্বর্ণ চোরাচালানের অভিযোগে কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।