Image description

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে তারা ৮৩৮/১ নম্বর পিলারের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ অবস্থায় সীমান্তে পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে ব্যাপক তৎপরতা ও সার্বক্ষণিক নজরদারি।

বুড়িমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, মধ্যরাতে পুশইনের খবর পেয়ে স্থানীয়রা তিনজনকে আটক করেন। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হলে বিজিবি তাদের সীমান্তের শূন্যরেখায় ফিরিয়ে দেয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে থাকা আরও তিনজন বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন।

তবে স্থানীয়দের দাবি করা এই ১২ জনের পুশইনের বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।