Image description

শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে ও পূজামণ্ডপ পরিদর্শনে আগামী মঙ্গলবার তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুর দিয়ে সফর শুরু করে রাজশাহী হয়ে যাবেন চট্টগ্রাম। এমনকি রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের পাশাপাশি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্যও দেওয়ার কথা রয়েছে তার।

সরকারপ্রধানের সফর ও জনসভা ঘিরে প্রস্তুতি শুরু করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার রাজশাহীর জনসভাস্থল মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। একই সঙ্গে সফর নির্বিঘ্ন করা ও দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী  মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সামরিক উড়োজাহাজে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করে রাজশাহীর শাহ্‌ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শনের পর রাজশাহী সার্কিট হাউজে কিছুক্ষণ অবস্থান করে বিকাল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

রাজশাহীর কর্মসূচি শেষে বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন সরকারপ্রধান। সেখানে রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। এক দিনের সফরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বৃহস্পতিবার রাতে আরএমপি কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সভায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ প্রমুখ।