Image description

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির মেয়র নির্বাচনে বিতর্কিত ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার পর ১২ ভোটে এগিয়ে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ।

শুক্রবার (১৬ অক্টোবর) ওয়েইন কাউন্টি নির্বাচন কমিশনের গণনা অনুযায়ী, মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র অ্যাডাম আলহারবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। তবে আবাসিক যোগ্যতা নিয়ে পৃথক আইনি চ্যালেঞ্জ বিচারাধীন থাকায় এখনো আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি মাহমুদকে। তবে ফল প্রত্যয়ন করা হলে তিনিই হবেন মিশিগানের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র। 

দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই অগ্রগতি পেয়েছেন সিলেটের সন্তান ও সাবেক সিটি কাউন্সিলম্যান মুহিত মাহমুদ। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের রাতে প্রকাশিত বেসরকারি ফলে ইয়েমেনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অ্যাডাম আলহারবি ১১ ভোটে এগিয়ে ছিলেন। পরে পুনর্গণনায় ব্যবধান কমে ছয় ভোটে নেমে আসে। তখনও পিছিয়ে ছিলেন মাহমুদ।

নির্বাচনের পর সিটি ক্লার্কের দপ্তরে মাহমুদের পক্ষে সিল মারা কয়েকটি ব্যালট পাওয়া গেলে বিতর্কের সৃষ্টি হয়। ওই ব্যালটগুলো ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন মাহমুদ। মিশিগান অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার আবেদন শুনতে আগ্রহ দেখায়নি। এর মধ্যেই নির্বাচনের ফল প্রত্যয়ন করে আলহারবিকে মেয়র ঘোষণা করা হয়। জানুয়ারি থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি।

২৭ মার্চ মিশিগান কোর্ট অব আপিল বিতর্কিত ব্যালটগুলো গণনার নির্দেশ দেন। পরে ওয়েইন কাউন্টি সার্কিট কোর্ট ২০২৬ সালের ১৬ অক্টোবরের মধ্যে গণনা শেষ করার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী শুক্রবার ৩৭টি বিতর্কিত অনুপস্থিত ব্যালট গণনা করা হয়। এতে ফলাফলে এগিয়ে যান মাহমুদ।

 

তবে ভোটে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারছেন না তিনি। হ্যামট্রামিক সিটির বাসিন্দা হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নিয়ে তার বিরুদ্ধে পৃথক আইনি চ্যালেঞ্জ রয়েছে। এ বিষয়ে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার আদালতে শুনানি হওয়ার কথা। বিচারক ওই শুনানিতে অমীমাংসিত আইনি বিষয়গুলোর সুরাহা করবেন বলে আশা করা হচ্ছে। আদালতের পর্যালোচনা এবং আবাসিক যোগ্যতা নিয়ে আপত্তির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করা হবে না।

মাহমুদের আবাসিক যোগ্যতা নিয়ে অভিযোগটি নির্বাচনের কয়েক মাস আগেই সামনে এসেছিল। তবে ভোট গ্রহণের পর এ বিষয়ে আইনি চ্যালেঞ্জ করা হয়। ফলে ভোট গণনায় এগিয়ে গেলেও মেয়রের দায়িত্ব পাওয়ার বিষয়টি এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

 

মিশিগানের বাসিন্দা ও প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দীন রানা এ বিষয়ে আগামীর সময়কে বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে মাহমুদ বিজয়ের স্বাদ পেয়েছে। মিশিগানের ওয়েইন ও ম্যাকম্ব কাউন্টিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ খবর পেয়ে উৎসবে মেতে উঠেছে। বাসিন্দাসংক্রান্ত মামলাতেও জয়ী হবে মাহমুদ।’