রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। পরে সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাশে সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টাখানেক পর নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনে সিঁড়ি ও লিফটের পাশে ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে মারা যেতে পারেন।
পারিবারিক সূত্র এশিয়া পোস্টকে জানায়, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বাংলাদেশে এলে তার বাবা মোশাররফ হোসেনের দাফনকাজ সম্পন্ন করা হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোশাররফ হোসেনের মরদেহ অফিসার্স ক্লাবেই রয়েছে। তবে রাতেই মরদেহ নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া এশিয়া পোস্টকে বলেন, আমরা জানতে পেরেছি উনি (মোশাররফ হোসেন) ওই ভবনের একটি ফাঁকা অংশ থেকে নিচে পড়ে গিয়েছেন। আমরা মরদেহের সুরতহাল সম্পন্ন করেছি।
ওসি আরও জানান, এ বিষয়ে তার পরিবার থেকে একটি দরখাস্ত দেবে। তারপর আমরা এ ঘটনাকে অজ্ঞাত মামলা হিসেবে রেকর্ডভুক্ত করব। যেহেতু কীভাবে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি, সে হিসেবে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।