Image description

রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক স্কুলশিক্ষক ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার হাইটেক পার্কসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মো. আল আমিন (৪৩) এবং তার স্ত্রী (৩৮)। আল আমিন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন পয়েন্টে নজরদারি ও চেকপোস্ট স্থাপন করা হয়েছিল। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন।

পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে মোটরসাইকেল থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উপপরিচালক আরও জানান, আটক মো. আল আমিন একজন শিক্ষক এবং জিজ্ঞাসাবাদে তার স্ত্রীও একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী মো. পারভেজ বলেন, রাতে আমরা ঘটনাটি নিজের চোখে দেখেছি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এসে ওই ব্যক্তিকে আটক করেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রীর হাতের একটি ব্যাগের ভেতর ইয়াবা দেখতে পাই। পরে ব্যাগভর্তি মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরে নিয়ে যায়।

এদিকে, এমন একটি অপরাধে শিক্ষক দম্পতির আটকের ঘটনায় গভীর বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক। তিনি বলেন, মোহাম্মদ আল আমিন আমাদের প্রতিষ্ঠানের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। আপনার মাধ্যমে এই প্রথম বিষয়টি শুনলাম। একজন শিক্ষক হয়ে এমন অপরাধের সঙ্গে জড়িত থাকা আমাদের প্রতিষ্ঠান ও সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক।