Image description

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা পূজামণ্ডপকে টার্গেট করতে পারে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের জননী ঘোষণা দিয়েছেন তিনি দেশে আসবেন। আসুন, সমস্যা কী? জনগণ চাইলে আসবেন। দেশটাকে নরকে পরিণত করে এখনো ক্ষ্যান্ত হননি। পরিবেশ ঘোলা করতে চাইলে দেশের মানুষ বসে থাকবে না।’

 

তিনি বলেন, ‘মাদকের ভয়াবহতা সারা দেশে ব্যাপক আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী মাদক নির্মূলের আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তাই এ আন্দোলনে সামিক হয়ে নিজের পরিবার রক্ষা করতে হবে।’

 
 

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আপনার আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। সবাইকে সতর্ক থেকে পূজার উৎসব পালন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও দলের নেতাকর্মীরা সমন্বয় করে এ উৎসবকে সম্পন্ন করতে কাজ করবেন।’

 

অনুষ্ঠানে ২০১টি পূজামণ্ডপে সরকারি তহবিলের ৬শ কেজি করে চাল ও ঢাকা জেলা পরিষদের নগদ ৫ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ আনসার বাহিনীর প্রতিনিধিরা।

সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের সমন্বিত কমিটির ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।