গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেয়া হবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সার ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও চাকরিতে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করে এনসিপির মাদারীপুর জেলা শাখা।
নাহিদ ইসলাম বলেন, দেশে খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী বিদেশে থাকা মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না।
জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এ সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি মাঠে রয়েছে। এ সময় ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেয়া হবে না। বর্তমান সরকারের জাতীয়তাবাদী পরিচয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু কথায় নয়, দেশের মানুষের স্বার্থ কতটা রক্ষা করা হচ্ছে, তা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।
সরকারের সঙ্গে কোনো ধরনের ‘আন্ডার টেবিল’ সমঝোতা রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন এনসিপির এই নেতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। চুক্তিটি ৩০ বছরের জন্য করা হয়েছিল।