Image description

পদায়নের ক্ষেত্রে শিক্ষকদের পছন্দের প্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ দিতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি জানিয়েছেন এক ৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত এক নবীন শিক্ষক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ায় ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে তিনি এ দাবি জানান। 

ওই শিক্ষক স্বামী-স্ত্রীর কর্মস্থল দূরে হওয়ার সমস্যা তুলে ধরে বলেন, স্বামী-স্ত্রী দুজন সরকারি চাকরিজীবী হলে এবং তাঁদের কর্মস্থল অনেক দূরে হলে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংসার সামলানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দুই দিনে এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে মানসিক চাপ তৈরি হয়।

এ কারণে স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার ব্যবস্থা এবং শিক্ষকদের পছন্দ অনুযায়ী পদায়নের জন্য চয়েস লিস্ট চালুর দাবি জানান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, স্বামী-স্ত্রীর কর্মস্থল সমন্বয়ের প্রয়োজনীয়তা সরকার বোঝে। শিক্ষকদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। 

তিনি আরও বলেন, পদায়নের ক্ষেত্রে আগে থেকেই কর্মরত শিক্ষকদের অবস্থান, বিদ্যমান নীতিমালা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকসংকটের বিষয়টি বিবেচনা করতে হয়। তাই সবার পছন্দ অনুযায়ী পদায়ন করা সব সময় সম্ভব না হলেও শিক্ষকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।