সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানোয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদগামী বিজি-৫৩৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ফ্লাইটটি পরিচালিত হওয়ার কথা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছে। বিমান জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আগামী ১৩ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৩টা পর্যন্ত বাড়িয়েছে। এ পরিস্থিতিতে সোমবারের ঢাকা-রিয়াদগামী বিজি-৫৩৯ ফ্লাইটটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি সম্পর্কে মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাটি। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বিমান কর্তৃপক্ষ।
গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি নিহত, অন্তত ২০ জন আহত ও কয়েকজন নিখোঁজের ঘটনা ঘটেছিল।