Image description

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশনা প্রকাশ্যে আসার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

রোববার (১১ অক্টোবর) তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় আহত হওয়ার পর সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্দেশনাটি গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলা পুলিশ জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে জারি করা নির্দেশনাটি জনসমক্ষে প্রকাশিত হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তদন্তে নির্দেশনাটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট কারও দায়িত্বহীনতা বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশ পরিদর্শক মো. শাহ আলম দায়িত্ব পালন শেষে গভীর রাতে সাদা পোশাকে রূপসা ফেরি পার হয়ে রিকশায় খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে কলেজিয়েট স্কুলের কাছে তিনজন ছিনতাইকারী তার ওপর হামলা করে। তারা তার মানিব্যাগ ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে এক ছিনতাইকারী চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তার দুই হাত গুরুতর জখম হয়।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ঘটনার পরিপ্রেক্ষিতে সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে গত শুক্রবার সকালে পুলিশ সুপারের স্বাক্ষরে একটি আন্তবিভাগীয় নির্দেশনামূলক অফিস আদেশ জারি করা হয়। এতে দায়িত্ব পালন শেষে, বিশেষ করে গভীর রাতে সাদা পোশাকে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

আদেশটি শুধু জেলা পুলিশের সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে জারি করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পুলিশের নিয়মিত কার্যক্রম সীমিত করা বা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক বার্তা দেওয়া এর উদ্দেশ্য ছিল না বলেও দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলার থানাগুলোতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি চেকপোস্ট স্থাপন, অপরাধ দমনে অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে। এসব তৎপরতায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

খুলনা জেলা পুলিশ জানায়, অভ্যন্তরীণ নির্দেশনা প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় তাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত করবে না। এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হয়ে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে পরিস্থিতি বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।