শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্ব করার চক্রান্তের প্রতিবাদ এবং মতপ্রকাশের কারণে হেনস্তার শিকার হওয়া সহকর্মীদের প্রতি সংহতি জানিয়ে ক্লাসে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।
রোববার (১১ অক্টোবর) ক্লাসরুমে তিনি এই অভিনব প্রতিবাদ জানান। পরবর্তীতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন এই শিক্ষক।
সামিনা লুৎফা তার ফেসবুক পোস্টে লেখেন, ক্লাস রুমে শিক্ষকের স্বাধীনতা নস্যাতের পরিকল্পিত চক্রান্ত শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্কের আস্থা নষ্ট করছে। এর প্রতিবাদে এবং কথা বলা বা ভিন্ন মত প্রকাশের কারণে যত শিক্ষক হেনস্থার শিকার হয়েছেন তাদের সাথে সংহতি জানিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেছি। আমি আজকে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে ক্লাসের কোড অফ কন্ডাক্ট সেট করেছি। অনুমতি ছাড়া কী কী করা যাবে বা যাবে না, ডিজেগ্রিমেন্ট কী করে রিসলভ হবে এনিয়ে কথা বলেছি। তারপর ক্লাসে মুখে কালো কাপড় বেধে ৫ মিনিট বসে ছিলাম।
পোস্টের শেষাংশে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে এই অধ্যাপক লেখেন, ‘সংহতি জানাতে চাইলে রিক্লেইম করুন ক্লাসরুম!’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীর সঙ্গে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের একটি আলোচনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়।
এর জেরে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সব ধরনের পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেয় ইংরেজি বিভাগ।