Image description

ঢাকা মহানগরী উত্তরের আমির এবং নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘ডেঙ্গু কেবল কারো ব্যক্তিগত বা একক সমস্যা নয়, এটি আমাদের সবার সমস্যা। তাই ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে গণমাধ্যমে দেখা যাচ্ছে; আমরা চাই, এসব উদ্যোগের সঠিক ও মাঠপর্যায়ে যথাযথ তদারকি নিশ্চিত করা হোক।

রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

রোববার সকালে নগর উন্নয়ন ফোরাম ঢাকার উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী ও ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের আহ্বানে শেরেবাংলা নগর থানার আগারগাঁও নির্বাচন ভবন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শেরেবাংলা নগর উত্তর থানা আমির আবদুল্লাহ আউয়াল আজমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণসহ থানা কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা।

 

সেলিম উদ্দিন আরও বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব আমাদের আশপাশেই রয়েছে। সুতরাং একা সরকারের পক্ষে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব নিতে হবে। নিজ নিজ আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যেন কোথাও পানি জমে না থাকে। আর এই সচেতনতার কাজ শুরু করতে হবে নিজ ঘর থেকেই।’

 

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন পরিচালনার জন্য এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে, যিনি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক। আমাদের এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যারা আগামী দিনে সুন্দর ও কল্যাণমুখী দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।