যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভে নেমেছেন দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসা চাকরিপ্রার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।
সরেজমিনে রাজধানীর মতিঝিলের বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও বাঙলা কলেজ কেন্দ্র ঘুরে পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। এসব স্থানে চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদ জানান এবং প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তোলেন।
বিক্ষোভকারী পরীক্ষার্থীরা বলেন, প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। তাদের অভিযোগ, পরীক্ষা স্থগিত হওয়ায় তারা হয়রানির শিকার হয়েছেন এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকে দূরদূরান্ত থেকে ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
পরীক্ষার্থীরা আরও বলেন, তারা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি করছেন। তারা বলেন, নিয়োগ পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিক্ষোভকারীরা প্রশ্নফাঁসের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রসঙ্গত, আজ শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।