ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেলের পিলারে ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও রাখা হবে।
শুক্রবার (৯ অক্টোবর) মিরপুর ১০-এর ফলপট্টিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা গড়ার অংশ হিসেবে পূর্বে মেট্রোরেলের পিলারের সব অবৈধ পোস্টার অপসারণ করা হয়েছিল। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের ইতিহাস ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের স্মৃতিকে মানুষের মানসপটে ধরে রাখতে এসব পিলারে গ্রাফিতি আঁকা হবে। সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের একমাত্র নেত্রী, যিনি সব রাজনৈতিক দল, বিরোধী দলসহ আপামর জনসাধারণের মণিকোঠায় এখনো আছেন। এ জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি।’
তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী, গণতন্ত্রের নেত্রীর ছবি আমরা মেট্রোরেলের পিলারে সম্মিলিত করব। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ছবি আমরা পিলারে গ্রাফিতির মাধ্যমে অঙ্কন করব। আমরা কোনো রাজনৈতিককরণ করতে চাই না। যারা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, প্রতিটি পিলারে পর্যায়ক্রমে তাদের ছবিগুলো আমরা ইতিহাসের পাতায় লিখে রাখার জন্য গ্রাফিতি অঙ্কন করব।’
একইসঙ্গে অবৈধ ফুটপাত উচ্ছেদে ডিএনসিসিকে সহযোগিতার জন্য এলাকাবাসী ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।