রাজধানীতে জনসংখ্যা বাড়ার সঙ্গে আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কের পরিমাণ বাড়লেও কবরস্থানের জন্য পর্যাপ্ত জায়গা থাকছে না। ফলে একই কবরের ওপর বারবার দাফন করতে হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় বড় পরিসরে নতুন একটি কবরস্থান নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠানের কাছ থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে জমি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
গতকাল রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ‘বিশ্ব আয়ুর্বেদিক দিবস’ উপলক্ষে আয়োজিত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গত ২৯ সেপ্টেম্বর ‘শান্তি নেই মৃত্যুর পরও..., ঢাকায় কবরস্থান সংকট, বনানীতে দাম সাড়ে ৪ কোটি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় বাংলাদেশ প্রতিদিনে। পরবর্তীতে এ সংকট সমাধানে উদ্যোগ নেয় ডিএনসিসি।
ডিএনসিসি প্রশাসক বলেন, কবরস্থান নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে আগে থেকেই সিটি করপোরেশন কবরস্থান নির্মাণের বিষয়ে কাজ করছে। আমরা বড় জায়গা খুঁজছি। বিভিন্ন হাউজিং সেন্টার থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে জায়গা কিনে আমরা একটা কবরস্থান নির্মাণ করব। মোটামুটি আমাদের কথা চলছে, এটা বাস্তবায়ন হবে। ঢাকা উত্তরের প্রশাসক আরও বলেন, আমাদের জনসংখ্যা দিনদিন বাড়ছে। আমরা বাসস্থান করছি, আবাসন করছি, ব্যবসা প্রতিষ্ঠান করছি, কবরস্থান নিয়ে কেউ ভাবে না।
একজন মানুষ মারা গেলে তাকে দাফন-কাফন করবে, সেই জায়গাগুলো সংকুচিত হয়ে যাবে। এজন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্দেশনা অনুযায়ী আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। খুব দ্রুত না হলেও এখন থেকেই এ বিষয়ে কাজ শুরু করতে হবে। ডিএনসিসির একটি বড় ধরনের কবরস্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে সিটি করপোরেশনের কবরস্থানে একটি কবরের ওপরই বারবার কবর দেওয়া হচ্ছে। এখন বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। বড় ধরনের একটা কবরস্থান নির্মাণের পরিকল্পনা আমাদের আছে।