Image description

মেয়াদ শেষের ১৫ দিন আগে শপথ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কার্যনির্বাহী সদস্য আকাশ দাস। মঙ্গলবার(৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।

গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতৃত্বাধীন ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাস। তবে নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ নিয়ে তার একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এর জেরে ২৩ অক্টোবরের মূল শপথ অনুষ্ঠানে তিনি অংশ নেননি।

বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন’-এর ২১তম সভায় বিষয়টি পর্যালোচনা করে আকাশ দাসকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তার শপথগ্রহণের পথ খুলে যায়।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্ত সম্পন্ন হয়েছে। সব দিক বিবেচনা করে শেষ মুহূর্তে হলেও তাকে শপথ গ্রহণ করানোকে আমরা ইতিবাচক মনে করেছি। একেবারে শপথ না করানোর চেয়ে এটিই সঠিক সিদ্ধান্ত।’

মেয়াদের শেষভাগে শপথ নেওয়ার পরও শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয় জানিয়েছেন আকাশ দাস। তিনি স্ট্রিমকে বলেন, ‘চাকসুর মেয়াদ একেবারেই শেষের দিকে। এই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য খুব বেশি কাজ করা সম্ভব নয়। তারপরও যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে কাজ করব।’