একটি নম্বর কখনো কখনো শুধু একটি সংখ্যা থাকে না। হয়ে ওঠে একটি যুগের প্রতীক, একটি জাতির আবেগ, একটি ফুটবল দর্শনের পরিচয়। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি ঠিক তেমনই; যে জার্সিতে একদিন জাদু ছড়িয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা, পরে যার শরীরে সেই জাদুরই নতুন অধ্যায় লিখেছেন লিওনেল মেসি।
মেসি এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন। ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেনটালে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সী মহাতারকার এটি হবে জাতীয় দলের হয়ে ২০৮তম ম্যাচ; যেখানে তার নামের পাশে রয়েছে রেকর্ড ১২৫ গোল।
কিন্তু মেসির বিদায়ের সঙ্গে একটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—আর্জেন্টিনা কি এরপর চিরতরে তুলে রাখবে ১০ নম্বর জার্সি? উত্তরটা সহজ নয়। বরং এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ফিফার এক অজানা নিয়ম।
ফুটবলে এমন ঘটনা বিরল। লিভারপুল ২০২৫ সালে প্রয়াত দিয়োগো জোতার সম্মানে ২০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে। আয়াক্সে ইয়োহান ক্রুইফের ১৪, এসি মিলানে পাওলো মালদিনির ৩ ও ফ্রাঙ্কো বারেসির ৬ নম্বরও আর ব্যবহৃত হয় না।
কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে গল্পটা ভিন্ন। ফিফা ও তাদের অধীনস্থ কনফেডারেশনগুলোর টুর্নামেন্টে স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়কে ধারাবাহিক নম্বর দিতে হয়। ২০২৬ বিশ্বকাপে ২৬ সদস্যের স্কোয়াডে তাই জার্সির নম্বর ছিল ১ থেকে ২৬ পর্যন্ত। অর্থাৎ কোনো একটি নম্বর চিরতরে বাদ দিয়ে দেওয়ার সুযোগ নেই।
আর্জেন্টিনা এই নিয়মের বাস্তবতা আগেই টের পেয়েছে। ম্যারাডোনার সম্মানে ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর চেষ্টা করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ২০০২ বিশ্বকাপের আগে ফিফার কাছে সেই অনুরোধ করা হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন আরিয়েল ওর্তেগা। অর্থাৎ, মেসির ক্ষেত্রেও একই পরিণতি অপেক্ষা করছে।
তবে একটি ছোট্ট ব্যতিক্রম আছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্সি নম্বর নিয়ে নিয়ম তুলনামূলকভাবে নমনীয়। ফলে চাইলে আর্জেন্টিনা প্রীতি ম্যাচগুলোতে ১০ নম্বর জার্সি কাউকে নাও দিতে পারে। কিন্তু বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো ফিফা বা কনমেবল টুর্নামেন্টে সেই সুযোগ থাকবে না।
আর তাই মেসির বিদায়ের পরও আর্জেন্টিনার ১০ নম্বর একদিন নতুন কারও কাঁধে উঠবেই। তবে কে পাবেন সেই জার্সি, তা এখনই ঠিক করতে চান না লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমরা লিওর শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব। এরপর দেখব কী হয়। একজন খেলোয়াড় যেন জার্সিটাকে নিজের করে নিতে পারে, এটাই ভাবনা।’
ম্যারাডোনা থেকে মেসি, দুই প্রজন্মের দুই মহাতারকা আর্জেন্টিনার ১০ নম্বরকে শুধু একটি জার্সি রাখেননি; তারা এটিকে বানিয়েছেন এক ধরনের উত্তরাধিকার। মেসির বিদায়ের পর সেই উত্তরাধিকার থামবে না।