৪৯তম (বিশেষ) বিসিএসের গেজেট থেকে বাদ পড়া বুশরা জাহান ঐশিসহ আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার (৫ অক্টোবর) রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের পর বুশরা জাহান ঐশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ইংরেজি বিষয়ে তাঁর মেধাক্রম ১৪ হলেও গেজেটে তাঁর নাম নেই। তাঁর আগের ও পরের মেধাক্রমের প্রার্থীদের নাম গেজেটে থাকলেও তাঁর নাম বাদ পড়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ফেসবুক পোস্টে বুশরা লিখেছিলেন, ‘৪৯তম (বিশেষ) বিসিএসের গেজেট থেকে বঞ্চিত হলাম। ইংরেজিতে আমার মেধাক্রম ১৪, গেজেটে ১৩ আছে, ১৫ আছে, কিন্তু ১৪ নাই। আল্লাহ তাআলা সাক্ষী, আমি বা আমার পরিবারের কেউ রাজনীতি করি নাই কোনোদিন। সারাজীবন একনিষ্ঠভাবে লেখাপড়ার প্রতি মনোযোগী ছিলাম। তবুও আমাকে কেন গেজেট বঞ্চিত করা হয়েছে, রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ আমার সহায়।’
এর আগে ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের পর গেজেট ও নিয়োগে দীর্ঘসূত্রতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছিলেন বুশরা।
তিনি লিখেছিলেন, ‘বিসিএসের ফল প্রকাশের ১০ মাস ১১ দিন চলে গেল, তবুও গেজেট ও নিয়োগ হয়নি। আজকে এত ভালো একটা চাকরি থাকা সত্ত্বেও সামান্য ১০০/২০০ টাকার জন্য পুরোপুরি পরনির্ভরশীল জীবন কাটাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে কখনো বাবার কাছ থেকে হাসিমুখে টাকা নিতে পারিনি। মনের মধ্যে সবসময় একটা অপরাধবোধ কাজ করত। এখন লাইফ পার্টনারের কাছ থেকে টাকা নিতেও আসলে ভালো লাগে না। নিজের টাকা খরচ করার যে মানসিক শান্তি, স্বাধীনতা আর সুখ, সেটা অন্য কারও টাকা কখনোই দিতে পারবে না, সে ব্যক্তি যতই আপন হোক না কেন।’
তিনি আরও লিখেছিলেন, ‘একটা বিশেষ বিসিএসের নিয়োগ হতে যে এত বেশি বিলম্ব হতে পারে, সেটা কখনো স্বপ্নেও ভাবিনি। ভাবলে হয়তো এতদিনে অন্য কোনো কাজে ঢুকে যেতাম। আল্লাহ, আমার মতো বেকারদের এই দুঃসহ যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও।’
নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বুশরাসহ বাদ পড়া আরও ৪০ জনের নিয়োগের পথ তৈরি হলো। ফলে ৪৯তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত গেজেটে বাদ পড়া প্রার্থীদের মধ্যে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের তালিকায় যুক্ত হলেন মেধাক্রমে ১৪তম বুশরা জাহান ঐশিও।