হাসপাতালে ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাব্যবস্থার ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্প ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ সময় ব্লিচিং পাউডারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
তিনি ডেঙ্গুতে মানুষের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে চিকিৎসাব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, হাসপাতালে রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিদ্যমান ব্যবস্থাপনার ঘাটতি দূর করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান সেলিম উদ্দিন।
উন্নত বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, জনগণের ভোগান্তি কমাতে সেসব দেশের জনপ্রতিনিধিরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, জনগণের সমস্যা ও দুর্ভোগ নিরসনে নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিস্থিতির পরিবর্তনে নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন।
মোহাম্মদপুর পূর্ব থানার আমির মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে মহানগরীর শূরা সদস্য মো. জুবায়ের হোসাইন রাজন, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ মাহবুব, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সাইদুর রহমান, মহানগরীর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার সোমবার এসব তথ্য জানান।