Image description

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন ফাতেমা বেগম নামে এক নারী। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার নেকমরদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে জেমস ওরফে মিলন (৩৫)।

ফাতেমা বেগমের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন তার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ মিলনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান।

ছেলেকে আইনের হাতে তুলে দিয়ে ফাতেমা খাতুন বলেন, ছেলের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, কোনোভাবেই আর তাকে সামলাতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন। ছেলে সুস্থ জীবনে ফিরে এলেই তাদের শান্তি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, মিলন কয়েক বছর ধরে গাঁজা ও ইয়াবায় আসক্ত। মাদক কেনার তিনি প্রায়ই মা-বাবার কাছে টাকা চাইতেন। টাকা দিতে না পারলে মা-বাবাকে গালিগালাজ ও মারধর করতেন। মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মিলন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করেছে।

কালবেলা