প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। এ পথে প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে প্রায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন।
এরপর ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে দুপুর দেড়টার দিকে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।