Image description
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুই পক্ষের মধ্যে মীমাংসার পরই ফের সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর ও আইসিটি বিভাগের সভাপতি রয়েছেন। গুরুতর আহত হয়েছেন আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। সংঘর্ষের পর অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
 
এর আগে মঙ্গলবার কুষ্টিয়াগামী গোধূলী বাসে উচ্চস্বরে গল্প করাকে কেন্দ্র করে বাংলা ও আইসিটি বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বুধবার সকালে প্রক্টর কার্যালয়ে দুই বিভাগের সভাপতি, শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে বৈঠক হয়।
 
বৈঠকে দুই পক্ষের মধ্যে মীমাংসা করে তিনটি সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল উভয় পক্ষের নিঃশর্ত ক্ষমা চাওয়া, ভবিষ্যতে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে সংশ্লিষ্ট বিভাগের দায় নেয়া এবং শিক্ষার্থীদের কাউন্সেলিং করা।
 
তবে বৈঠক শেষে প্রক্টর কার্যালয় থেকে বের হওয়ার সময় ফের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হন।
 
সংঘর্ষের পর ক্ষুব্ধ আইসিটি বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে অবস্থান কর্মসূচি শুরু করেন। জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
 
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসেছে বাংলা বিভাগ। সভায় সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।