নারায়ণগঞ্জ বক্তাবলী ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হককে ফোন করে ওই এলাকায় মাটি কাটার বিষয়ে সতর্ক করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ফতুল্লার বক্তাবলীতে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে মাটি কাটার অভিযোগ শুনে তিনি মুঠোফোনে ওসির সঙ্গে কথা বলেন। এই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে বলতে শোনা যায়, ‘আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। আপনি মাটি কাটার কমিশন খান। আপনি যদি মাটি কাটার কমিশন না খেয়ে থাকেন, তাহলে মাটি যেন না কাটে সেটা প্রমাণ করেন।’
তিনি আরও বলেন, ‘বক্তাবলীর প্রত্যেকটি লোক নদী পারাপারের সময় মাটি কাটা দেখতে পায়, অথচ আপনি দেখতে পান না।’
এ সময় ফোনের ওপাশ থেকে ইনচার্জ আমিনুল হককে সংসদ সদস্যকে আশ্বস্ত করেন, এরকম মাটি কাটার কোনো বিষয় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জবাবে সংসদ সদস্য বলেন, ‘শেষ পর্যন্ত ঠিক আছে, দেখতে চাই।’
জানা গেছে, মঙ্গলবার বিকেলে বক্তাবলীতে যান সংসদ সদস্য আব্দুল আল আমিন। সেখানে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নদী ও আশপাশের এলাকায় মাটি কাটার অভিযোগ শোনেন তিনি। পরে ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে বক্তাবলী ফাঁড়ির ইনচার্জ আমিনুল হক ফোন করেন।
এদিকে, সংসদ সদস্য ও ইনচার্জ আমিনুল হকের কথোপকথনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার রাতে মুঠোফোনে জানতে চাইলে বক্তাবলী ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক বলেন, সংসদ সদস্য আমাকে ফোন দিয়েছিল নদীতে মাটি কাটার বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। তবে আমি নদীতে গিয়ে মাটি কাটার কোনো বিষয় দেখতে পাইনি। এমন কোনো বিষয় ঘটলে আমরা কঠোর ব্যবস্থা নিব।