সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিরাপত্তা ও আইনি জটিলতা এড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
কনস্যুলেটের সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের আইন, শৃঙ্খলা বা রাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী কোনো ছবি, ভিডিও কিংবা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ ধরনের কনটেন্টে লাইক, মন্তব্য বা শেয়ার করতেও নিষেধ করা হয়েছে।
এ ছাড়া কোনো নথি বা কাগজপত্রের বিষয়বস্তু ভালোভাবে না বুঝে তাতে স্বাক্ষর কিংবা আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষভাবে খালি বা সাদা কাগজে স্বাক্ষর না করার ব্যাপারে সতর্ক করেছে কনস্যুলেট।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তির নামে সিমকার্ড, গাড়ি বা অন্য কোনো সামগ্রী কেনা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে এক প্রতিষ্ঠান বা মালিকের অধীনে থাকা ইকামা ব্যবহার করে অন্যত্র কাজ করাও আইনবিরুদ্ধ। রাস্তায় পড়ে থাকা কোনো বস্তু কুড়িয়ে বিক্রি করা, অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা কিংবা অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ডও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরিচিত কিংবা অপরিচিত ব্যক্তির সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন না করার পাশাপাশি চাকরির নামে প্রতারণামূলক প্রস্তাব থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের আইন ও নিয়ম মেনে চললে প্রবাসীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও সমুন্নত রাখতে পারবেন।