Image description

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বাহুবল বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত কয়েকজনকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, টমটমে যাত্রী ওঠানামা এবং চালকদের কাছ থেকে আদায় করা বিভিন্ন চাঁদা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি দেখা দেয়। একপর্যায়ে শনিবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুড়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা।

 

অপর একটি সূত্র জানায়, বাহুবল থেকে রামপুর-ফয়জাবাদ রুটে চলাচলকারী টমটমে যাত্রী ওঠানামা নিয়ে সিএনজি চালকদের সাথে বিরোধ চলছিল। বর্তমানে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।

 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, পূর্ববিরোধের জেরে টমটম ও সিএনজি শ্রমিকরা সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।