চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ড্যাপ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকেলে জীবননগর-দত্তনগর সড়কের মেসার্স সান্ত্বনা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। অভিযানে প্রতিষ্ঠানটির গুদাম ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে ৪০৩ বস্তা সরকারি ড্যাপ সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, প্রতিষ্ঠানটির মালিক মো. আবুল কালাম আজাদের সার বিক্রির কোনো বৈধ লাইসেন্স নেই। সরকারি বিধিমালা লঙ্ঘন করে সার মজুত করায় বিশেষ ক্ষমতা আইনের আওতায় সারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।