মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আরেক বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বাখেরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে বাখরেরকান্দি এলাকায় পালকি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের চাকা বিকল হয়ে যায়। বাসটি সড়কের পাশে দাঁড়ি করিয়ে সার্ভিসিং করা হচ্ছিল। এ সময় হানিফ পরিবহনের একটি বাস পেছন দিক দিয়ে এসে পালকী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। এদেরমধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শিবচর হাইওয়ে থানার পরিদর্শক এমএম মুনতাসির মাহমুদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। তবে কোন গাড়ি রাস্তার পাশে দাড়িয়ে ছিল, নাকি দুটি গাড়ি ঢাকামুখী চলছিল তা তদন্ত শেষে বলা যাবে।