পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে ১৯তম বিজেএস-এর কার্যক্রম শুরু হবে। এবারও অধিক সংখ্যক বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’
তিনি আরও বলেন, ‘অবশিষ্ট আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, নবনিযুক্ত বিচারকগণ অতি শিগগিরই বিচারকার্যে যোগদান করবেন। তাঁদের প্রতি আমাদের একটাই প্রত্যাশা—সততা, ন্যায়নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে বিচারিক দায়িত্ব পালন করবেন।’
ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বাংলাদেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাহিদাকৃত ১০০ জনের পরিবর্তে ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল হিসেবে পদাধিকারবলে আমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন সদস্য। বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, বিচারকের স্বল্পতা দূরীকরণ এবং জনগণের জন্য দ্রুত ও দক্ষ বিচারসেবা নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য একই সঙ্গে দায়িত্ব ও গৌরবের বিষয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ধারাবাহিক, দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিচারকের স্বল্পতা ক্রমান্বয়ে দূর হবে এবং গড়ে উঠবে একটি দক্ষ, ন্যায়নিষ্ঠ, জনবান্ধব ও মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম বিচারব্যবস্থা।’