জ্বালানি তেলের দাম বাড়ার পর নৌপথে যাত্রীবাহী লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। এই সর্বনিম্ন ভাড়া ১০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কার্যকর থাকবে। এরপর দূরত্ব অনুযায়ী কিলোমিটারভিত্তিক ভাড়া যুক্ত হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে লঞ্চ ভাড়া বাড়ানো নিয়ে মালিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।
নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘৩৫ টাকা আপনার হলো সর্বনিম্ন ভাড়া। তো সর্বনিম্ন দূরত্বও কিন্তু আমাদের নির্ধারণ করা আছে। ১০ কিলোমিটার। তো তারপর থেকে কিলোমিটার ওয়াইজ ভাড়া অ্যাডজাস্ট হবে।’
সড়কপথে সর্বনিম্ন ভাড়া না বাড়লেও নৌপথে কেন বাড়ানো হলো- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নৌপথ ও সড়কপথের যাত্রা এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের মধ্যে পার্থক্য রয়েছে।
তিনি বলেন, সড়কপথে অল্প দূরত্বে যাত্রী নামিয়ে দেওয়া সম্ভব। কিন্তু নৌপথে সর্বনিম্ন ১০ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করা হয়েছে। এ কারণে সর্বনিম্ন ভাড়া কিছুটা না বাড়ালে নৌযান মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে তাদের দাবি সরকারের কাছে যৌক্তিক মনে হয়েছে।