বাংলাদেশের সাংবাদিকদের জন্য সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে একটি বিশেষ সক্ষমতা-বৃদ্ধিমূলক কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। আগামী ২৫ থেকে অক্টোবর হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এই কর্মশালা শুরু হবে। এই কোর্সে অংশগ্রহণকারীদের যাওয়া-আসার বিমানভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ভারতীয় হাইকমিশনের (ঢাকা) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ভারতীয় হাইকমিশন আইটেক স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘সাংবাদিকতা ও জনসংযোগ (জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন্স)’ বিষয়ক একটি সক্ষমতা বৃদ্ধিবিষয়ক কোর্সের আয়োজন করতে যাচ্ছে, যেটি আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, এই কোর্স বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের জন্য প্রণয়ন করা হয়েছে। এটি গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রের ব্যবহারিক দক্ষতার ওপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করবে।
এই কর্মসূচির আওতায় হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্ট-আপ ও উদ্যোক্তাগণের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণও অন্তর্ভুক্ত থাকবে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত সাংবাদিকদের যাওয়া-আসার বিমানভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। উল্লিখিত ক্ষেত্রসমূহে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা নিচে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করতে পারেন। নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।
আবেদন করার জন্য গুগল ফর্মের লিংক (আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৬): https://forms.gle/xpXKqUhyM1CEeoQ78