Image description

বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া এবং উত্ত্যক্তের অভিযোগ পুলিশকে জানানোয় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে ঘুষি ও লাথি মারেন ফয়সাল। এতে তার তিনটি দাঁত উপড়ে গেছে এবং দুটি দাঁত ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামি ফয়সালকে না পেয়ে তার মা মোসা. শিরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী গ্রামের ফরিদ মৃধার ছেলে ফয়সাল মৃধা ওই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ফয়সাল ওই শিক্ষার্থীর দূরসম্পর্কের মামা।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ওই শিক্ষার্থী বাড়ির বাইরে টয়লেটে গেলে ফয়সাল দরজার ফাঁক দিয়ে তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে ফয়সাল পালিয়ে যান।

পরে শিক্ষার্থীর মা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে বেতাগী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের ডাকলে তারা অভিযোগ অস্বীকার করেন। পরে স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিসসহ স্থানীয়দের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

এর দুই দিন পর সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ফয়সাল ওই শিক্ষার্থীকে মারধর করেন। সঙ্গে থাকা সহপাঠীরা বিষয়টি শিক্ষকদের জানালে তারা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত শিক্ষার্থী বলে, ‘ফয়সাল আমাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেন। গত শনিবার আমি টয়লেটে গেলে সে টয়লেটের ফাঁকা দিয়ে শরীরে হাত দেয়। আজকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফয়সাল আমাকে ঘুষি ও লাথি মারেন। এতে আমার তিনটি দাঁত উপড়ে যায় এবং দুটি দাঁত ভেঙে যায়। বর্তমানে মাথা ও মুখে প্রচণ্ড ব্যথা রয়েছে।’

শিক্ষার্থীর মা বলেন, ‘শনিবারের ঘটনার পর প্রতিকার চেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেছিলাম। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু এরপরও আমার মেয়েকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস বলেন, ‘শনিবার পুলিশের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তখন ফয়সালের মা পুলিশে অভিযোগ করার কারণে তাদের ফল ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছিলেন। সোমবারের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননী গোপাল মালাকার বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামি ফয়সালের মা শিরিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’