জয়পুরহাটের ক্ষেতলালে সার পাচারের সময় ডিলারের লোকজনকে আটক করে প্রশাসনকে খবর দিয়েছেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ১৯ বস্তা সার জব্দ করে প্রশাসন।
আজ সোমবার দুপুরে উপজেলার মনঝার বাজার এলাকা থেকে দুটি ভ্যানসহ এসব সার জব্দ করা হয়। পরে প্রশাসন সারগুলো নিজেদের হেফাজতে নিয়ে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজারের সার ডিলার মিজানুর রহমান এসব সার জামালগঞ্জে পাচার করছিলেন। দুপুরে সারবোঝাই দুটি ভ্যান মনঝার বাজার এলাকা অতিক্রম করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা ভ্যান দুটি থামিয়ে তল্লাশি চালালে ১৯ বস্তা সার পাওয়া যায়।
এ সময় ভ্যানের চালক নয়ন ও ফয়সালকে আটকে রেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদনাদ মেহেদীর নেতৃত্বে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো হেফাজতে নেন।
অবৈধভাবে সার পাচারের অভিযোগের বিষয়ে জানতে ডিলার মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ জানিয়েছেন, বিধি অনুযায়ী জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।