Image description

রংপুরের বদরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা এস কে ফুলবাবু সরকার (২৪) নারীসহ অন্তরঙ্গ অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন। রোববার (২০) সেপ্টেম্বর দিবাগত রাতে বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠির ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা ছাত্রলীগের সদস্য ফুলবাবু সরকার ৫ আগস্টের পর থেকে প্রায় দুই বছর পলাতক ছিলেন। তার বাড়ি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর খিয়ারপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, বাড়িটি ঘিরে ফেলার পর তারা ওই নারী ও ফুলবাবুকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর ক্ষুব্ধ কয়েকজন তাদের গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক নারী স্থানীয় একটি সঞ্চয়ী সমিতিতে মাঠকর্মী হিসেবে কর্মরত। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি। রোববার রাতে ফুলবাবু ওই বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর বাড়ি ঘেরাও করে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে।

আটকের পর ফুলবাবু সরকার স্থানীয়দের জানান, ওই নারীর সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও জানান, ৫ আগস্টের পর তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে যান এবং একটি হোটেলে চাকরি নেন।

স্থানীয় বাসিন্দা আবুজার গিফারী মন্টু জানান, ওই নারী বাড়িতেই অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছিল। ছাত্রলীগ নেতা ফুলবাবু ওই বাড়িতে ঢুকলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা ঘরের ভেতরে দুজনকে আপত্তিকর অবস্থা হাতেনাতে ধরে ফেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরদার কালবেলাকে বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

ওসি আরও জানান, ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায়ও তাদের বিরুদ্ধে পৃথকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

কালবেলা